90’s Rhymes

আমাদের ছোট নদী
রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।
চিকচিক করে বালি, কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক।
তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে
গমছায় জল ভরি গায়ে তারা ঢালে।
সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে।
আষাঢ়ে বাদল নামে, নদী ভরো ভরো,
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।
ছুটি
-রবীন্দ্রনাথ ঠাকুর
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি।
কি করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জু‌টি,
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি।

নেমন্তন্ন

অন্নদাশঙ্কর রায়


যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।
কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি ?
না, বাবুজি । কিসের তবে?
ভজন হবে। শুধুই ভজন ?
প্রসাদ ভোজন। কেমন প্রসাদ ?
যা খেতে সাধ। কী খেতে চাও ? ছানার পোলাও।

ইচ্ছে কী আর ? সরপুরিয়ার।
আঃ কী আয়েস।
রাবড়ি পায়েস।
এই কেবলি ? ক্ষীর কদলী।
বাঃ কী ফলার। সবরি কলার।
এবার থামো। ফজলি আমও।

আমিও যাই ?
না, মশাই ৷